বরিশালে ট্রাকের ধাক্কায় বাবা নিহত, ছেলে আহত
এপ্রিল ২৫ ২০২৩, ১৭:৪২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা নিহত ও ছেলে গুরুত্বর আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার মাগুড়া বাজার সংলগ্ন বাশাইল-মাগুড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া (৫৮) মাদারীপুর উপজেলা সদর থানতলী এলাকার মৃত দলিল উদ্দিন মিয়ার ছেলে, তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী।
পাশাপাশি এই দুর্ঘটনায় নিহত লিটন মিয়ার ছেলে গুরুত্বর আহত জানে আলম মিয়া (১৮) কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিশু জানান, মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল-মাগুড়া সড়ক ধরে বাবা ও ছেলে মোটরসাইকেলে যোগে যাচ্ছিলেন।
মাগুড়া বাজারের কাছাকাছি পৌছালে দুর্ঘটনায় তারা গুরুত্বর আহত হয়, পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং থানা পুলিশকে খবর দেয়।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, একটি ট্রাক পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কা দিলে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার পাশে পরে যায় হতাহতরা। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গোলাম মোশের্দ সজীব জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই লিটন মিয়ার মৃত্যু হয়, ফলে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষনা করা হয়। আর মৃতের ছেলে আলমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। তবে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নিহতের ভাই রিপন মিয়া জানান, সকালে কাঠ কেনার উদ্দ্যেশে লিটন মিয়া ও তার ছেলে জানে আলম মিয়া মোটরসাইকেলযোগে প্রথমে বাটাজোড় যায়। পরে সেখান থেকে আগৈলঝাড়া হয়ে মাগুড়া সড়কে যাওয়ার পথে ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ভাই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন, আর ভাইয়ের ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আগৈলঝাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, স্বজনদের অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। আর আহত যুবককে স্বজনরা স্থানীয় হাসপাতাল থেকে নিয়ে গেছেন।









































