নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে- আইজিপি
মার্চ ১৫ ২০২৩, ২০:৩৭
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশন পুলিশকে যেভাবে দায়িত্ব দিবেন পুলিশ সেই ভাবেই দায়িত্ব পালন করবেন। তিনি আরো বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। সবসময় এরা এক হয়ে কাজ করি।
এরপরও কোন সাংবাদিক যদি নির্যাতনের স্বীকার হয় পুলিশ সেই ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।
আজ বুধবার বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষী একটি প্রতিষ্ঠান। পুলিশ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলার দায়িত্ব সফলভাবে পালন করে আসছে। জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ দেশে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল জঙ্গীবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কারনে বাংলাদেশ পুলিশ সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একই প্লাটফর্মে কাজ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে কাজ করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নয়ন সম্ভব হয়েছে তার ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে যেকোন চ্যালেঞ্জ পুলিশ নিতে প্রস্তুত আছে। সুপ্রিমকোর্ট এলাকায় সাংবাদিকরা কেন পুলিশের টার্গেটে পরিণত হলো’ প্রশ্নের জবাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি মনে করি সাংবাদিকরা দায়িত্ব পালনে পুলিশের পরিপূরক। আমরা একসাথে-একযোগে কাজ করি। এমন কোন ঘটনার অভিযোগ এলে প্রত্যেকটি ঘটনা অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি, ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরসহ অন্যান্যরা।
সড়কপথে বরিশাল পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। পরে দুপুর সাড়ে তিনটার দিকে নগরীর বান্দরোডস্থ পুলিশ অফিসার্স মেসে তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বরিশাল মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশ প্রশাসন।
এর আগে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ভবন এবং রুপাতলীস্থ মেট্রোপলিটন পুলিশ লাইনস্ পরিদর্শনের পাশাপাশি বৃক্ষরোপন করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বরিশাল বিভাগের প্রতিটি জেলায় নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেন।








































