বরিশালে পুলিশের উপর হামলা: অর্ধশত জেলের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৮
মার্চ ১২ ২০২৩, ১১:২০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলার মেঘনা নদীতে নৌ পুলিশের উপরে হামলার ঘটনায় অর্ধশত জেলেকে আসামি করে মামলা হয়েছে। এতে ৮ জেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় হিজলা থানায় মামলা করেছেন নৌ-পুলিশ কর্মকর্তা। এরআগে দিনভর অভিযান চালিয়ে মামলার আসামি ৮ জেলেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন হিজলা থানার ওসি।
গ্রেফতার জেলেরা হলেন- হিজলা উপজেলার চর মেমানিয়া গ্রামের মৃত জাবেদ আলী মাঝির ছেলে আব্দুর রাজ্জাক মাঝি (৫৮), একই এলাকার আমির হোসেন দর্জির ছেলে বশির হোসেন দর্জি (১৯), চর কুশরিয়ার জাকির রাঢ়ির ছেলে ইসমাইল রাঢ়ি (১৯), একই এলাকার ইউসুফ সর্দারের ছেলে সাব্বির হোসেন (১৯), গঙ্গাপুরের রাজ্জাক সরদারের ছেলে রাকিব সর্দার (১৯), একই এলাকার আব্দুর রাজ্জাক চৌকিদারের ছেলে পারভেজ চৌকিদার (৫০), হিজলার চরজানপুর এলাকার আব্দুল মন্নান মাতবরের ছেলে শাহীন মাতবর (২১) ও গোসাইরহাটের নান্নুমুন্সীকান্দি এলাকার আজারুল ঢালীর ছেলে রুবেল ঢালী (২৮)।
হিজলা থানার ওসি মো. ইউনুস মিঞা বলেন, নৌ পুলিশের এসআই মো. নাসিরউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় বেআইনী জনতায় সরকারী কাজে বাঁধা দেয়া ও হত্যার উদ্দেশ্যে এলোপাথারিভাবে মারধর করে গুরুতর এবং সাধারণ জখমের অভিযোগ আনা হয়েছে। মামলায় নামধারী ২৭ জন ও অজ্ঞাতনামা আরো ৩০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় মেঘনা নদীর অভয়াশ্রমে ৭নং ঘাট এলাকায় জেলেদের অবৈধ ভাবে ফেলা জাল উত্তোলনের সময় পুলিশের উপর হামলা করেন জেলেরা। এতে হিজলা নৌ পুলিশের ফাঁড়ির ওসি বিকাশ চন্দ্র সহ অন্তত ১৬ জন আহত হন।
আ/ মাহাদী









































