ববির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে দোকানদারকে মারধরের অভিযোগ

মার্চ ১২ ২০২৩, ১১:০৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিসি টিভির ফুটেজ না দেওয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এক দোকানের মালিকের উপর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হামলা করার অভিযোগ উঠেছে।

শনিবার (১১ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে জিনিয়াস বিজনেস সেন্টার নামের এক দোকানে এই ঘটনা ঘটে।
দোকানের সিসি টিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র মঞ্জু ও শিহাব।

হামলার শিকার দোকানদার শাহ আলম জানান, সন্ধ্যার দিকে হঠাৎ দুইজন ছেলে আমার কাছে এসে তাদের মালামাল হারিয়ে গিয়েছে বলে দোকানের সিসি টিভি ফুটেজ দেখতে চায়।

এ সময় আইনের লোক ছাড়া সিসি টিভি ফুটেজ দেখানো যাবে না জানালে তারা দুইজন আমার উপরে হামলা করে। এদের আমি চিনিও না। কিন্তু হঠাৎ কেন এমন হামলা বুঝতে পারছি না।

এ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জু বলেন, আমার একটা সাউন্ড বক্স হারিয়ে গিয়েছে। সেটা দোকানের আশেপাশে রেখেছি মনে পড়ায় সিসি টিভি ফুটেজ দেখতে চাই।

তখন আমাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে। কিন্তু মারামারির তেমন কোনো ঘটনা ঘটেনি। পরে আমি দোকানদারের কাছে ক্ষমা চেয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না ৷ ক্যাম্পাসের বাইরের ঘটনা, সব চেয়ে ভালো হয় ভুক্তভোগী আইনি ব্যবস্থা নিলে। তারপরও আমাদের কাছে অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ মশিউর রহমান জানান, এ বিষয়ে ভুক্তভোগী এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া