বরিশালে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন
ফেব্রুয়ারি ২৭ ২০২৩, ১৮:৪৯
নিজস্ব প্রতিবেদক ॥ ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়।
দিবসের আয়োজনের মধ্যে ছিল সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ।
বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্মপরিচালক মোঃ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক প্রশাসন মোঃ শওকাতুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ রেজাউল হাসান বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও উপজেলার পরিসংখ্যান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিসংখ্যান সঠিক হতে হবে।
পরিসংখ্যান সঠিক না হলে জন্ম-মৃত্যু উন্নয়ন পরিকল্পনা কিছুই সঠিক হবে না। টেকসই উন্নয়নের জন্য সঠিক পরিসংখ্যান জরুরি। মানুষের জীবনের সাথে জড়িত পরিসংখ্যান। সরকারের উন্নয়ন, সাফল্য, মাথাপিছু আয় ও জিডিপি এসব কিছুর সঠিক তথ্য সরবরাহ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বক্তারা আরও বলেন, সরকারের সকল জরিপের তথ্য সংগ্রহ ডিজিটালি করা হচ্ছে। বিশ্বে বাংলাদেশই প্রথম ২০২২ সালে জনশুমারি ডিজিটাল পদ্ধতিতে করা হয়েছে। আলোচনা সভায় জানানো হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুদূরপ্রসারী চিন্তা ধারায় তথ্য-উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিষ্ঠা করা হয়।
স্বাধীনতা-উত্তর কাল থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মান বজায় রেখে (বিবিএস) নির্ভর যোগ্য পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে আসছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সরকার কর্তৃক প্রণীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কৌশলপত্র প্রণয়নসহ ২০৩০ এজেন্ডা বা এসডিজি অর্জনের ব্যস্তবায়ন অগ্রগতি পরীবীক্ষণের জন্য বিবিএস নিয়মিত ভাবে কাজ করছে।
এছাড়াও জনমিতি, জনস্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কর্মসংস্থান, আইসিটি ব্যাবহার পরিসংখ্যানসহ সকল তথ্য সরবরাহ করে দেশের উন্নয়নকে অগ্রযাত্রা অব্যাহত রাখছে। সময়ানুগ, প্রাসঙ্গিক, বস্তুনিষ্ঠ ও ব্যবহারবান্ধব উপাত্ত প্রদানের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।









































