চরফ্যাশনে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ফেব্রুয়ারি ২৪ ২০২৩, ২০:৫১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় নারকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তাহের সর্দার (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুতায়িত হয়ে নারকেল গাছের মাথায় তার মরদেহ আটকে ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আবু তাহের সর্দারের মরদেহ উদ্ধার করেন।
উপজেলার আব্দুল্লাহপুর ৯ নং ওয়ার্ডের কাজল আহাম্মদ সর্দারের বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। আবু তাহের সর্দার আব্দুল্লাহপুর ইউনিয়নের মৃত মোতালেব সর্দারের ছেলে।
আবু তাহের সর্দারের স্বজনরা জানান, বাড়ির নারকেল গাছের পাতা কাটতে ওঠেন আবু তাহের সর্দার। এ সময় পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যান আবু তাহের। এতে তার মৃত্যু হয়। মৃত্যুর পর নারকেল গাছে ঝুলতে ছিল তার মরদেহ।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আবু তাহের সর্দারের মরদেহ উদ্ধার করে।চরফ্যাশন থানার ওসি মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আ/ মাহাদী









































