গণঅভ্যূত্থানে শহীদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ
জানুয়ারি ২৮ ২০২৩, ০০:০১
সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ ৬৯ এর গণ অভ্যূত্থানে দক্ষিণাঞ্চলের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী ২৮ জানুয়ারি। ১৯৬৯ সালের এই দিনে বরিশাল শহরে পাকিস্তানি স্বৈর-শাসকদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন আলাউদ্দিন।
এদিকে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ কলাপাড়ার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার জানিয়েছেন, দিবসটি উপলক্ষে এ বছর এ কিছু কর্মসূচি পালন করা হয়েছে।
এর মধ্যে কালোব্যাজ ধারন, শোকর্যালী ও শহীদ আলাউদ্দিন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, স্মরণ সভা, আলাউদ্দিনের বাড়ি কলাপাড়ার হাজিপুরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, শহীদ আলাউদ্দিন খান ১৯৫২ সালের ১ জানুয়ারি কলাপাড়ার পূর্ব হাজিপুর গ্রামে জন্ম গ্রহন করেন। ১৯৬৯ সালে পাকিস্তানি স্বৈর শাসক আইউব বিরোধী আন্দোলনে ২৮ জানুয়ারি বরিশাল শহরে ১৪৪ ধারা জারি করা হয়।
ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। বিক্ষোভ চলাকালে বরিশালের বিভিন্ন রাস্তার মোড়ে পুলিশের সঙ্গে খন্ড খন্ড সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয় বেশ কিছু ছাত্র-জনতা।
এ সময় মোহাম্মদ আলাউদ্দিন খানও শহরের গুলবাগ মোড়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে ঢলে পড়েন। দ্রুত তাকে বরিশাল সদর হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাত ১১টার দিকে সে মারা যায়।
পরের দিন বরিশাল থেকে লাশ কলাপাড়ার উদ্দেশ্যে আনার পথে পটুয়াখালী লঞ্চঘাটের কাছে শিশুপার্কে রাখা হয়েছিল। ৮১ সালে ছাত্রজনতার দাবির মুখে পটুয়াখালী শিশু পার্কের নাম করন করা হয় শহীদ মোহাম্মদ আলাউদ্দিন শিশু পার্ক।
আলাউদ্দিনকে তার গ্রামের বাড়ি পূর্ব হাজিপুর গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এরপর বরিশালের ছাত্র নেতারা তার কবর বাঁধাই করেন।
আ/ মাহাদী








































