নদী তীরের মাটিকাটার সময় ট্রলারসহ আটক-১
জানুয়ারি ২৪ ২০২৩, ১৮:৪৭
নিজস্ব প্রতিবেদক ॥ অবৈধভাবে নদীর তীর থেকে মাটি কাটার সময় অভিযান চালিয়ে মাটিভর্তি ট্রলারসহ একজনকে আটক করে নৌ-পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে বিশেষ এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্য বিকাশ চন্দ্র দে জানান, হিজলার বড়জালিয়া ইউনিয়নের কাইসমারচরে নদী তীর থেকে অবৈধভাবে ৯/১০ জন লোক মাটি কেটে ট্রলারে ওঠাচ্ছিলো।
ওইসময় স্পীডবোট যোগে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে মোটামুটি সবাই দৌড়ে পালিয়ে যায়। তবে ওইসময় শিপন বেপারী (২৫) নামে একজনকে আটক করা হয়। যে হিজলা থানাধীন বড়জালিয়ার মেঘনা বাজার সংলগ্ন এলাকার নওয়াব আলীর ছেলে। পরে তাকে জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়ার নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে।
সেইসাথে মাটিভর্তি ট্রলার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।









































