ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ১৮৯টি ফাঁকা আসন পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি টেকনিক্যাল কমিটি।
ববিতে ভর্তির গণবিজ্ঞপ্তি, আসন ফাঁকা ১৮৯
জানুয়ারি ১৫ ২০২৩, ১৪:০৫
ভর্তির টেকনিক্যাল কমিটির এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্য আসনে ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ১৫ ও ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১০ থেকে বিকাল ৪ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা আগামী ১৭ জানুয়ারি প্রকাশিত হবে।
এছাড়াও নির্বাচিতদের আগামী ১৮ এবং ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৪ টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে।
প্রসঙ্গত, ইতোপূর্বে পর পর সাত ধাপে মেধাতালিকা প্রকাশ করে ভর্তি নেওয়ার পরও ১৮৯ আসন শূন্য থাকায় নতুন করে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।









































