গৌরনদীতে অপহৃত মাদ্রাসার ছাত্রী উদ্ধার ॥ গ্রেফতার-১
জানুয়ারি ১২ ২০২৩, ১৯:৪৮
গৌরনদী প্রতিনিধি ॥ অপহরণের ছয় দিন পর বরিশালের গৌরনদী আল-হেলাল দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী (১৫)কে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় অপহরণকারী ও বালুর গাড়ির শ্রমিক অনিক মাতুব্বর (১৭)কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও ওই অপহরণকারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত অনিক আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রান্তা গ্রামের মো. নুরু মাতুব্বরের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এস.আই মো. শাহ্জাহান জানান, আগৈলঝাড়া উপজেলার রান্তা গ্রামের বখাটে অনিক মাতুব্বর মাদ্রাসায় আসা যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রেম নিবেদনসহ প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল।
গত ৫ জানুয়ারি সকালে ওই ছাত্রী নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ওই ছাত্রী মাদ্রাসার কাছে পৌছলে বখাটে অনিক মাতুব্বর ও তার ২/৩ সহযোগী ওই ছাত্রীর পথরোধ করে।
এ সময় তারা জোরপূর্বক ওই ছাত্রীকে মাহিন্দ্রায় তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃতার বাবা বাদি হয়ে অনিক মাতুব্বরের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ চাঁদশী গ্রামে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রী (১৫)কে উদ্ধার ও অপহরণকারী অনিক মাতুব্বর (১৭)কে গ্রেফতার করে।
ভিকটিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত অনিককে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহ্জাহান জাানন।









































