খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চাখার শের-ই-বাংলা স্মৃতি জাদুঘর

জানুয়ারি ০৬ ২০২৩, ২১:৩০

বানারীপাড়া প্রতিনিধি : খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বানারীপাড়ার চাখার শের-ই-বাংলা স্মৃতি জাদুঘর, ১৯৮২ সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে চাখারের প্রাণকেন্দ্রে ২৭ শতক জমির ওপর শের-ই-বাংলা স্মৃতি জাদুঘর নির্মাণকাজ শুরু হয়, আয়তাকার ভূমি পরিকল্পনায় ৪৩ মিটার দীর্ঘ ও ১৪.৬০ মিটার প্রস্থবিশিষ্ট এ জাদুঘরটি নির্মাণ করা হয়, জাদুঘরের এ জমি শের-ই-বাংলার নিজস্ব বসতভিটার অংশ।

জাদুঘর লাগোয়া দক্ষিণ-পশ্চিম পাশে শের-ই-বাংলার বিশ্রামাগার ও ফজলুল হক ইনস্টিটিউশন, পূর্ব পাশে মসজিদ, পারিবারিক কবরস্থান, পেছনের উত্তর প্রান্তে বসতভিটা এবং এর অদূরে ১৯৪০ সালে তাঁর প্রতিষ্ঠিত সরকারি ফজলুল হক কলেজ।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত জাদুঘরটিতে বর্তমানে সাতজন স্টাফ কর্মরত, জাদুঘরের ভেতরে কক্ষ মোট পাঁচটি, পশ্চিম প্রান্তের কক্ষটি সহকারী কাস্টোডিয়ানের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। জাদুঘরে রয়েছে তিনটি ডিসপ্লেরুম, একটি অফিস ও লাইব্রেরিরুম এবং একটি ডরমেন্টরিরুম।

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা আবুল কাসেম ফজলুল হকের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে ও ধারণা দিতে এ জাদুঘরটি ভূমিকা রাখছে, দেশ-বিদেশের পর্যটকরা মহান এ নেতার স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসেন, কিন্তু জাদুঘরটিকে আরো সমৃদ্ধ করতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

পরিদর্শনের সময় অনেকেই নানা প্রতিশ্রুতি দিলেও তা পরে প্রতিশ্রুতির মধ্যেই থেকে যায়, এমনকি শের-ই-বাংলার একমাত্র পুত্র প্রয়াত এ কে ফায়জুল হক তিনবার সংসদ সদস্যসহ বিভিন্ন সময় সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করলেও পিতার স্মৃতিঘেরা এ জাদুঘরটিকে উন্নত ও সমৃদ্ধ করতে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

জাদুঘরের একতলা ভবনটি ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণ, শের-ই-বাংলার শৈশব, কৈশোর, ছাত্রজীবন, বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে তার ওপর গবেষণাকেন্দ্র স্থাপন, পর্যটকদের সঙ্গে আসা শিশুদের জন্য পার্ক নির্মাণ, পর্যটকদের থাকার জন্য আবাসস্থল, শের-ই-বাংলার বিষয়ে আরো তথ্য-উপাত্ত সংগ্রহ ও দক্ষ জনবল বাড়ানোসহ জাদুঘরটিকে সমৃদ্ধ করা হলে দর্শনার্থী পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে।

বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান খিজির সরদার ব্যক্তিবিশেষের দখলে থাকা শের-ই-বাংলার বিশ্রামাগারটিকে শের-ই-বাংলা স্মৃতি জাদুঘরের অধীনে নিয়ে মহান এ নেতার এ প্রতিষ্ঠান দুটিকে সংস্কার করার দাবি জানিয়েছেন।

স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেন, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা আবুল কাসেম ফজলুল হকের স্মৃতি ধরে রাখতে ও তাঁর আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে জাদুঘরটি আরো উন্নত, সমৃদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া