পেলেকে সম্মান জানাতে ব্রাজিলে যাননি নেইমার
জানুয়ারি ০৩ ২০২৩, ১২:০৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফুটবল সম্রাট পেলেকে বিদায় দিতে প্রস্তুত গোটা ব্রাজিল। কিংবদন্তিকে বিদায় দিতে ব্রাজিল পৌঁছেছেন দেশটির বর্তমান ও সাবেক তারকা ফুটবলাররা।
পূর্বসূরিকে বিদায় দিতে ব্রাজিলে যাওয়ার কথা ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমারের। কিন্তু, পেলেকে শ্রদ্ধা জানাতে ব্রাজিল যাচ্ছেন না নেইমার।
ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছিল, পেলের শেষকৃত্যে যোগ দিতে সাও পাওলো যেতে ক্লাব থেকে ছুটি নিয়েছেন নেইমার জুনিয়র।
কিন্তু, ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে ভিন্ন কথা। পেলেকে শ্রদ্ধা জানাতে ব্রাজিলে যাননি পিএসজি তারকা।
তবে, নেইমার উপস্থিত না হলেও তার পক্ষে শেষকৃত্যে অংশ নিচ্ছেন তার বাবা নেইমার সিনিয়র। পেলের কফিনবন্দী দেহ সর্বসাধারণের শ্রদ্ধা প্রদর্শনের জন্য ২৪ ঘণ্টার জন্য সান্তোস এফসির মাঠ ভিলা বেলমিরোয় রাখা হয়েছে।
পেলের বাবা নেইমার সিনিয়র গ্লোবোকে নিশ্চিত করেছেন পিএসজি তারকার না আসার বিষয়টি। তিনি বলেন, ‘নেইমার আসবে না।
তবে তার মন খুব খারাপ। সে আমাকে এখানে তার পক্ষ থেকে উপস্থিত থাকতে বলেছে। কাউকে হারানো কত কষ্টের সেটা আমরা বুঝি। আমরা শুধু একজন খেলোয়াড়কেই হারাইনি, একজন মানুষকেও হারিয়েছি।’
এদিকে, শ্রদ্ধা নিবেদন শেষে মঙ্গলবার পেলের মরদেহ নিয়ে শেষযাত্রা হবে সান্তোসের রাস্তায়। নিয়ে যাওয়া হবে ক্যানাল ৬ সড়কের পৈতৃক বাড়ির সামনে দিয়ে। যেখানে থাকেন পেলের শত বছর বয়সী শয্যাশায়ী মা। স্মৃতি হারিয়ে ফেলায় তিনি জানেনই না তার ছেলে মারা গেছে।
এদিন মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকা সমাধিস্থলের ১৪ তলা ভবনে সমাহিত করার কথা রয়েছে পেলেকে। এটি বিশ্বের সবচেয়ে উচু ও খাড়া সমাধিস্থল। এর ওপর থেকে ভিলা বেলমিরো স্টেডিয়ামও দেখা যায়।








































