নববর্ষের প্রথম প্রহরে গিফট টোকেন নিয়ে অফিসে ইউএনও, পেলেন মাত্র দুজনকে!
জানুয়ারি ০১ ২০২৩, ২১:৪২
দশমিনা, প্রতিনিধি ২০২২ সালকে কর্মব্যস্ততার মাঝে বিদায় জানিয়ে ২০২৩ সালকে বরণ করতে নিজের সেই চিরচেনা অফিসে সহকর্মীদের জন্য গিফট টোকেন নিয়ে হাজির হন পটুয়াখালীর দশমিনার ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল। । কিন্তু অফিসে পাওয়া যায় মাত্র দুইজন কর্মী। এমতাবস্থায়, অন্যদেরকে না পেয়ে হতাশা প্রকাশ করেন তিনি।
নিজের ফেসবুক পেজে একটি বিবৃতিতে বলেন, সরকারি হিসেবে বছরের প্রথম দিন। অঙ্গীকার করছি নতুন করে কিছু করবো। তাই নতুন বছরের প্রথম প্রহরে ইউএনও, দশমিনা অফিসে গিয়েছিলাম সহকর্মীদের জন্য কিছু টোকেন নিয়ে যাতে অফিস আবহে কিছু উদ্দীপনা আসে।
সকাল ৯:১৫। সকাল থেকেই কিছু দর্শনার্থী অফিসে হাজির হয়েছেন।তাদের কথা শুনছি। আর আমার নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের নিয়ে অপেক্ষায় আছি কখন আমার সহকর্মীরা আসবেন।
সকাল ৯:৩০ নাগাদ দুইজনকে পাওয়া গেল। তাদেরকে গিফট টোকেন হস্তান্তর করেছি। প্রচণ্ড মন খারাপ নিয়ে বাকিদের আমলনামায় অনিচ্ছা সত্ত্বেও অনুপস্থিত লিখতে হলো। তাদের গিফট টোকেন কোন এক শুভ মুহুর্তে দেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে দশমিনা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন,এটা মোটেই কাম্য নয়। সেবা প্রত্যাশীদের যথাযথ সেবা প্রদানের লক্ষে অফিস স্টাফদের যথা সময়ে অফিসে আগমন ও প্রস্থান একান্ত জরুরি। এটা শুধু ইউএনও অফিসই নয় আমাদের অনেক অফিসেই এটা লক্ষ্য করা যায়।







































