বাকেরগঞ্জের শ্রমিক লীগের আংশিক কমিটি ‍॥ বাদ পড়লেন বিতর্কিতরা

ডিসেম্বর ২৫ ২০২২, ২১:৩৭

নিজস্ব প্রতিবেদক ‍॥ বিতর্কিতদের বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। গত ২০ ডিসেম্বর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আর ২১ ডিসেম্বর ঘোষণা দেওয়া হয় উপজেলা ও পৌর শ্রমিক লীগের নতুন আংশিক কমিটি।

কমিটিতে মো. আবুল কালাম ডাকুয়াকে সভাপতি, মো. ইদ্রিস আলী সিকদার ফকিরকে সহসভাপতি, মো. শাখাওয়াত হোসেন শওকত হাওলাদারকে সাধারণ সম্পাদক ও মো. মাহবুব আলম তোতাকে যুগ্মসাধারণ সম্পাদক করে উপজেলা শ্রমিক লীগের আংশিক কমিটি ঘোষণা দেওয়া হয়।

এবারই প্রথম নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে উপজেলা ও শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

চলমান শুদ্ধি অভিযানের মধ্যে বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের কমিটিতে শ্রমিক দল থেকে আসা হাইব্রিড আরিফুর রহমান চুন্নুসহ বিতর্কিতরা বাদ পড়েছেন।

এদিকে উপজেলা শ্রমিক লীগের কমিটিতে দলের ত্যাগী ও পরীক্ষিতরা স্থান পাওয়ায় তৃণমূল নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।

শ্রমিক লীগ নেতা মো. রিপন হাওলাদার আশাপ্রকাশ করে বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের দিয়ে উপজেলা শ্রমিক লীগের কমিটির বাকি অংশ প্রকাশ করা হবে। কতিপয় বিতর্কিত লোক শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত মোতাবেক বিতর্কিতদের কমিটিতে রাখা হয়নি এবং ভবিষ্যতে হবে না।

সূত্র জানায়, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৬ সালে। গত ২৬ বছরেও উপজেলা ও পৌর শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়নি। গত ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরিবহনসহ নানা খাতে চাঁদাবাজি, উপজেলার বিভিন্ন ইউনিয়নের টেম্পো স্ট্যান্ড ও মোটরসাইকেল স্ট্যান্ড নিয়ন্ত্রণ করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে শ্রমিক দল থেকে আসা আরিফুর রহমান চুন্নুর বিরুদ্ধে। যে কারণে তিনি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েও শেষ পর্যন্ত ছিটকে পড়েছেন।

উপজেলা শ্রমিক লীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি মো. আবুল কালাম ডাকুয়া বলেন, শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও তার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির নির্দেশে কার্যকর ও স্বচ্ছ নেতৃত্ব চূড়ান্ত করতে ইতিমধ্যেই যাচাই-বাছাই শুরু হয়েছে। অতি শিগগিরি উপজেলা শ্রমিক লীগের নতুন কমিটির বাকি পদের নাম ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও