পেঁপে চাষে সফল সরোয়ার, আয় ৫ লাখ
ডিসেম্বর ২৪ ২০২২, ১৯:৩৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলায় দিনদিন কৃষিক্ষেত্রে ঘটছে অভূতপূর্ব পরিবর্তন।
এর ছোঁয়া লেগেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার পেঁপে চাষী কাজী সরোয়ারের জীবনে।মাত্র ৮০ হাজার টাকা খরচ করে দু’একর জমিতে রোপন করেন ৫৫০টি পেঁপে চারা।
এরপর কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী সার, কীটনাশক ব্যবহার করে জয় করলেন দারিদ্র্য। অল্পদিনের পরিশ্রমে বিক্রি করলেন বাগান থেকে পাঁচ লাখ টাকার পেঁপে।
এ বিষয়ে কৃষি উদ্যোক্তা ও কৃষক কাজী সরোয়ার বলেন, যে দেশের মাটিতে মাটি ফুঁড়ে গাছ হয়, সে দেশের মানুষ বেকার বা গরিব থাকতে পারে না।
আমার বাড়িতে বা বাগান দেখতে যারাই আসেন, আমি তাদেরকে আমার বাগান থেকে ফল খাওয়াই। পরামর্শ দেই আমার মতো বাগান করার।
তিনি জানান, এ বছর ফলন অনুযায়ী পেঁপে বিক্রি করতে পারতাম কমপক্ষে ৭০ টন। কিন্তু ঘুর্ণিঝড় সিত্রাংয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাগান।
তাই পেঁপের সাথে সাথে ফসলসহ ৮০-৯০ হাজার টাকা খরচ করলে বিক্রি করা যাবে প্রায় পাঁচ লাখ টাকার পেঁপে।
কৃষি উদ্যোক্তা কাজী সরোয়ারের সফলতা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসছে তার বাড়িতে। উৎসাহিত হয়ে অনেকেই খামার করার আগ্রহ প্রকাশ করেছেন।
কাজী আনোয়ার, আরিফ হোসেন, মিরাজ হোসেন ও রফিক হোসেনসহ একাধিক ব্যক্তিরা জানান, সরোয়ার কাজীর কৃষি বাগান দেখে আমরা মুগ্ধ হয়েছি।
এখানকার পেঁপে, আমগুলোও অনেক মিষ্টি। আমাদেরও ইচ্ছে আছে এ ধরণের বাগান করার।
এ বিষয়ে দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ জাফর আহমেদ বলেন, সরোয়ার কাজী একজন ভালো কৃষক।
আমি তার বাগান ভিজিট করেছি। ক্ষেতের প্রদর্শনীটা তিনি ভালোভাবেই করেছেন। আমাদের সাপোর্টের পাশাপাশি তিনি নিজেও কিছু বীজ কিনে বড় আকারের প্রদর্শনী করেছেন। আশা করা যায়, তিনি বেশ লাভবান হবেন।
তিনি আরো জানান, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায় এমন ফসল চাষাবাদের জন্য কৃষকদের উদ্ধুদ্ধ করার পাশাপাশি আর্থিকভাবে তাদেরকে সহযোগিতাও করছি।









































