বরিশালে কারাভোগী নারীকে স্বাবলম্বী করতে জেলা প্রশাসকের উদ্যোগ

ডিসেম্বর ২২ ২০২২, ১৯:৫৭

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় তিন বছর কারাবাসের সময় সেলাইমেশিন চালনায় প্রশিক্ষণ নিয়েছিলেন নারী মোর্শেদা আক্তার।

সাজাভোগ শেষে মুক্তি পেলে স্বাবলম্বী করতে বৃহস্পতিবার সকালে তাকে সেলাইমেশিন দিয়েছেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। এ সময় মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আরেক নারী কনা বেগমের স্কুলপড়ুয়া মেয়ের লেখাপড়ার খরচ বাবদ ৫ হাজার টাকা দিয়েছেন তিনি।

জেলা প্রশাসকের কার্যালয়ে এই সেলাইমেশিন ও টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। তিনি জানান, সমাজসেবা কার্যালয়ের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে কারাবন্দি নারীপুরুষদের সেলাই, তাঁত ও নকশি কাঁথা, ইলেকট্রিক ও কাঠের কাজের প্রশিক্ষণ দেওয়া হয়।

মোর্শেদা কারাগারে থাকা অবস্থায় আমাদের কাছ থেকে সেলাই প্রশিক্ষণ নিয়েছেন। সাজা ভোগ শেষে বুধবার তিনি মুক্তি পান। স্বামীর সঙ্গে বিচ্ছেদের কারণে ৪ সন্তানের খরচ বহন করতে হবে মোর্শেদাকেই। তাই তাকে স্বাবলম্বী করতে সেলাইমেশিন দেওয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, কারাবন্দি নারীদের সাজা ভোগ শেষে আবারো অপরাধ কাজে জড়ানো ঠেকাতে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা হচ্ছে।

প্রশিক্ষণ প্রদান ছাড়াও বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে এর আগে স্বাবলম্বী হয়েছেন একশ নারীপুরুষ কয়েদি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সমাজে মাথা উঁচু করে বাঁচতে তাদেরও ভ্যানগাড়ি, সেলাইমেশিনসহ নগদ টাকা সহায়তা করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া