বরিশালে বিজয় দিবসের আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান
ডিসেম্বর ২১ ২০২২, ১৯:৩৪
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান বুধবার বরিশালের কাশীপুর স্কুল এন্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতা করেন।
গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের (এপিএ) নিয়মিত প্রচারের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মৃতিচারণ করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কবির (বুলু)।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে যাদের স্বজন হারিয়েছেন তারা বুঝেন ডিসেম্বর মাস কতো বেদনার। সে জন্য ডিসেম্বর মাস বাঙালির আনন্দ ও বেদনার মাস। পাকিস্তানি হানাদার বাহিনী বুঝেছিল বাঙালির বিজয় নিশ্চিত। তখনই তারা বাংলার মেধাবী সন্তানদের হত্যা করে। বাঙালি যুদ্ধ করেছিল পরাধীনতা থেকে মুক্তির জন্য।
তাদের জাতিসত্তাকে টিকিয়ে রাখার জন্য। মুক্তিযুদ্ধের চেতনায় এ প্রজন্মকে গড়ে তোলার জন্যই সরকারের এ আয়োজন। পরাধীনমুক্ত অসম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধের অগ্রনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময়টা কারাগারে কাটিয়েছেন। তাঁর সন্তানেরা পিতার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন। সন্তানদের জাতির জনকের সাথে দেখা করতে কারাগারের গেটে যেতে হতো।
এমন দেশদরদী নেতার দেশাত্ববোধের জন্য আমরা আজেকের স্বাধীন বাংলাদেশ পেয়েছি । মুক্তিযুদ্ধের এই স্বৃতিকে হৃদয় দিয়ে এ প্রজন্মকে অনুধাবন করতে হবে বলে উল্লেখ করেন তিনি। কাশীপুর স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মো: মামুন অর রশীদ, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো: ফরিদ আহমেদসহ কাশীপুর স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কাশীপুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মনিকা রায়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বরিশাল জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার লেলিন বালা। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরিশাল বেতার শিল্পী ও কাশীপুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক কনিকা বিশ্বাস, গান্ধী লাল বড়াল ও শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সংগীত পরিবেশন করা হয়।









































