সরকারী খাল দখল করে বাণিজ্যিক বহুতল ভবন নির্মান
ডিসেম্বর ২১ ২০২২, ১৮:১৮
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার গৌরনদী-গোপালগঞ্জ ভায়া আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের পাশের নাঠৈ নামক এলাকার সরকারী খাল অবৈধভাবে দখল করে পাঁকা বাণিজ্যিক মার্কেটের বহুতল ভবন নির্মান করা হচ্ছে।
স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি খালের পাশে কাপরের বেড়া দিয়ে দিনরাত শ্রমিক দিয়ে ভবন নির্মানের কাজ করে যাচ্ছেন। ওই প্রভাবশালীর ভয়ে স্থানীয় কেউ মুখ খুলতে সাহস পায়নি।
বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সড়কের পাশ দিয়ে প্রবাহিত সরকারী খালটি নাঠৈ গ্রামের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনষ্টিটিউট সংলগ্ন পশ্চিম পাশে।
স্থানীয় এক প্রভাবশালী সরকারী কর্মকর্তার বড়ভাই হাবিব সরদার একই বাড়ির সুজন সরদারের মাধ্যমে খালের মধ্যে অবৈধভাবে বহুতল পাঁকা বাণিজ্যিক ভবন নির্মান করাচ্ছেন। ইতোমধ্যে যার নিচতলার ফ্লোর ঢালাইয়ের কাজ শেষ হয়েছে।
এছাড়াও ওই স্থাপনাটির পশ্চিম পাশে একই খালের সরদার বাড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে খাল দখল করে এক প্রভাবশালী সরকারী কর্মকর্তা নিজেই তার মৃত বাবার নামে “মাজেদ সরদার মেমোরিয়াল ট্রাষ্ট” নামের একটি স্মৃতি ফাউন্ডেশন অফিসের বহুতল ভবন নির্মান করাচ্ছেন।
যার নিচতলার ফ্লোর ঢালাই শেষ করে প্রথম তলার পিলার নির্মানের পর ওপরে টিনের ছাউনি দিয়ে রাখা হয়েছে। সরকারী খাল দখলের ব্যাপারে দখলকারী কারো কোন বক্তব্য পাওয়া না গেলেও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, সরকারী খাল দখল করে অবৈধ পাঁকা স্থাপনা নির্মানের খবর পেয়ে আমি সেখানে তহশিলদারকে পাঠিয়ে নির্মানকাজ বন্ধ রাখতে বলেছি। উপজেলা প্রশাসনের উদ্যোগে খুব শীঘ্রই দুটি অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হবে।








































