বিশেষ প্রতিবেদক ॥ পর্যটন স্পটগুলোতে আরো বেশি ট্যুরিস্ট পুলিশের সেন্টার ও সেবা বৃদ্ধির দাবী করেছেন বরিশালের চাখারের সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
১২ ডিসেম্বর সোমবার পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও আনন্দপূর্ণ ভ্রমণের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের সাথে আয়োজিত ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের এক মতবিনিময় সভায় বক্তারা এ দাবী জানান। বক্তারা বলেন, বরিশাল বিভাগের ৩৮ টি স্পটে এই মুহূর্তে টুরিস্ট পুলিশ কাজ করছে।
তবে গুরুত্বপূর্ণ কিছু স্পষ্টে এখনো টুরিস্ট পুলিশের কোনো কার্যক্রম দেখা যায়নি। বরিশাল বিভাগের ঝালকাঠি ও বরিশালের আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগান, সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের গজনীর দিঘি, উজিরপুরের শাতলা গ্রামের শাপলা বিল ও বানারিপাড়ার দূর্গাসাগর দিঘিতে টুরিস্ট পুলিশ সেবা নিশ্চিত করার দাবী করলেন অংশীজন সুশীল সমাজের প্রতিনিধিগণ।
সোমবার বিকালে বরিশালের চাখার বাজারে ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের উদ্যোগে এ মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. আশরাফুর রহমান। এসময় তিনি বলেন, দেশের অর্থনীতিকে উজ্জীবিত করতে হলে ট্যুরিজমকে গুরুত্ব দিতে হবে।বাংলাদেশে পর্যটন পুলিশ সৃষ্টি হচ্ছে সরকারের দূরদৃষ্টি সম্পন্ন একটি পদক্ষেপ। এর মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত সহ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরো সুদৃঢ় হবে।
তাই পর্যটকদের সেবার মান বাড়াতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। সর্বোপরি ট্যুরিস্ট পুলিশের এ কার্যক্রমকে আরো বেগবান করতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনারা আপনাদের এলাকার সকল প্রকার তথ্য দিয়ে ট্যুরিস্ট পুলিশকে সহযোগিতা করবেন এটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ অতিথির বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পর্যটন স্পটগুলো বিশাল ভূমিকা রাখছে। তাই সরকার পর্যটকদের নিরাপত্তা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। আমরা পর্যটনস্পট গুলিতে পর্যটকদের নিরাপত্তা এবং যে কোন ঘটনার বিষয়ে দেখভালের দায়িত্ব পালন করছি। সে লক্ষ্যে আমরা ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের বরিশাল জোনের ৩৮ টি স্পটে কাজ করে যাচ্ছি।
প্রাকৃতিক সৌন্দর্য্য মন্ডিত এ দেশে টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তার দরকার। পর্যটন পুলিশ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পর্যটন স্পট গুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের সমাগম বেশী হবে, জিডিপি বাড়বে। দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে।
৪ নং চাখার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম, চাখার বাজার কমিটির সেক্রেটারী শামসুল হক সিকদার, চাখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস সরদার ছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন, চাখার ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সুমন, মোঃ ফারুক, মোঃ রফিক, চাখার বাজারের সাধারণ ব্যাবসায়ী সহ ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের অন্যান্য সদস্যরা।