মানুষই কোন না কোন ভাবে একজন গবেষক: ঢাবির সাবেক উপাচার্য
ডিসেম্বর ১১ ২০২২, ১৮:৪৭
ববি প্রতিনিধি ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ÒPromoting Undergraduate Research Culture: A New Era of BU” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় প্রধান অতিথির বক্তব্যে আরেফিন সিদ্দিক বলেন, “প্রতিটি মানুষই কোন না কোন ভাবে একজন গবেষক। তাই একজন গবেষককে বিনয়ের সাথে গবেষণা করতে হবে”। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের গবেষণা কর্মে বেশি বেশি মনোযোগী হতে হবে। কারণ গবেষণা ছাড়া যে শিক্ষা অর্জন করা হয় তা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা অর্জন করতে হলে গবেষণার কোন বিকল্প নেই। গবেষণা ছাড়া শিক্ষা দেশ ও জাতির কোন কল্যানে আসে না”।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম।
বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি কাজী নাভিদ নাসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং রিসার্চ সোসাইটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানের পরামর্শদাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এসএম সাদেক।








































