পিরোজপুর পৌর মৎস্য বাজারে বিশেষ অভিযান, এক ব্যক্তিকে অর্থদণ্ড

নভেম্বর ১৭ ২০২৬, ১৮:৩৬

পিরোজপুর পৌর মৎস্য বাজারে জাটকা বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রির দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা সজীব সন্নামত জানান, বাজারে কিছু অসাধু ব্যবসায়ী জাটকা বিক্রি করছেন—এমন অভিযোগের ভিত্তিতে জেলা মৎস্য দপ্তরের সহায়তায় এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। বাজারে সশরীরে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় জাটকা বিক্রির সুনির্দিষ্ট প্রমাণ না মিললেও মাছ বিক্রিতে অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিলক্ষিত হয়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা প্রসঙ্গে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুন নবী জোহা জানান, ‘জাটকা রক্ষা কার্যক্রম ২০২৬’-এর আওতায় পিরোজপুর সদর উপজেলার মৎস্য বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। আগামী ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত এই আট মাস সব ধরনের জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে এলাকায় ব্যাপক মাইকিং সম্পন্ন করার পর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। নদনদীতে থাকা অবৈধ জাল নির্মূল করার জন্যও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পিরোজপুর জেলাসহ জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন মৎস্য বাজারে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া