উজিরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত
সেপ্টেম্বর ২৯ ২০২৬, ০১:৩৪
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা তিনজনই স্থানীয় আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়। তারা আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস বাইকটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরুদ্ধ করলে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা গেলেও চালক ও তাঁর সহযোগীরা পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।








































