কাউনিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২ ‍॥ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

সেপ্টেম্বর ০৪ ২০২৬, ০১:৫৯

বরিশাল : বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী নগরীর জানকি সিংহ রোড, ব্রাঞ্চ রোড, পিছনের স্কুল রোড, ছোট মিয়ার গলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) পবিত্র কুমার হালদারের নেতৃত্বে কাউনিয়া থানার একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে আকস্মিক তল্লাশি চালানো হয়। এ সময় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ হাজার ১৮০ টাকাসহ আটক করা হয়। একই অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও একজনকে আটক করা হয়।

আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, মাদক ব্যবসা ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে কাউনিয়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও