পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল বিনির্মাণে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান
আগস্ট ২৩ ২০২৬, ০০:২০
শনিবার দুপুরে বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা এই কর্মসূচির নেতৃত্ব দেন। এ সময় বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতা অভিযান, শপথ পাঠ ও সচেতনতামূলক র্যালিতে অংশ নেন।
অন্যদিকে নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত আঞ্চলিক সমাজসেবা প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে আবর্জনা পরিষ্কার অভিযানের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ। এ অভিযানে বিডি ক্লিন বরিশাল জেলার সমন্বায়ক ইব্রাহিম খান, সাবেক বিভাগীয় সমন্বয়ক ইব্রাহিম মাসুমসহ সংগঠনের সদস্যরা অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীদের নিজ নিজ আশপাশ পরিষ্কার রাখার জন্য অনুরোধ জানানো হয়।
বিডি ক্লিনের সদস্যরা জানান, বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার রোধে এই পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানা বলেন, পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা গড়ে তুলতে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।








































