বরিশাল থেকে হেঁটে কুয়াকাটা পৌঁছেছেন তিন রোভার
জুলাই ১৭ ২০২৬, ১৯:১৩
অনলাইন ডেস্ক ॥ বরিশাল থেকে প্রায় ১৫০ কিলোমিটার পথ হেঁটে কুয়াকাটা পৌঁছেছেন স্কাউটের তিন সিনিয়র রোভার মেট। প্রেসিডেন্টস রোভার স্কাউটস অ্যাওয়ার্ড অর্জনের অংশ হিসেবে পাঁচ দিনে এ পথ পাড়ি দেন তারা।
গত ১২ জুলাই সকালে বরিশাল নগরীর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে যাত্রা শুরু করেন রোভার শাহরিয়ার রহমান হাছিব, মশিউর রহমান আবির ও সাজিদুল ইসলাম সিজান। বৃহস্পতিবার কুয়াকাটা জিরো পয়েন্টে পৌঁছালে তাদের ১৫০ কিলোমিটারের পদযাত্রা শেষ হয়।
জানা গেছে, পাঁচ দিনের এই পদযাত্রায় প্রথম দিন তারা ২৬ দশমিক ৭ কিলোমিটার, দ্বিতীয় দিন ২২ কিলোমিটার, তৃতীয় দিন ৩৪ কিলোমিটার পথ পথ পাড়ি দেন। এরপর চতুর্থ দিন ৩৮ কিলোমিটার এবং শেষ দিনে ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করেন। দীর্ঘ এই যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ে বিরতি ও রাত্রিযাপন করেন।
ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে রোভার শাহরিয়ার রহমান হাছিব বলেন, হেঁটে ভ্রমণকালে তারা বাকেরগঞ্জ, পটুয়াখালী, আমতলী ও কলাপাড়াসহ বিভিন্নস্থানে অবস্থান করেছিলেন। শেষ দিনে কুয়াকাটা জিরো পয়েন্টে পৌঁছাতে সক্ষম হন।
রোভার মশিউর রহমান আবির বলেন, রোভার স্কাউটের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্টস রোভার স্কাউটস অ্যাওয়ার্ড’ অর্জনের লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজের জন্য এই পদযাত্রা সম্পন্ন করা হয়েছে। এ সময় তারা ‘ধ্বংস নয়, সৃষ্টি করি; জীববৈচিত্র্য রক্ষা করি’, ‘মনের যত্ন নিন, সুন্দর জীবন গড়ুন’ এবং ‘সত্যের পাশে থাকুন, গুজবকে না বলুন’ এই তিনটি সচেতনতামূলক বার্তা বহন করেন।
রোভার সাজিদুল ইসলাম সিজান বলেন, ভ্রমণের সময় তারা বিভিন্ন দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি অফিস পরিদর্শন করেছেন।








































