গৌরনদীর দানবখ্যাত সেই হারিছ জামিনে মুক্ত
জুলাই ০৯ ২০২৬, ১৮:৩০
গৌরনদী প্রতিনিধি : বিগত আওয়ামী লীগের সরকারের আমলে নিজদলের ত্যাগী নেতাকর্মী ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অহেতুক নির্মম অত্যাচার নির্যাতনের কারনে “গড ফাদার” বা দানব হিসেবে খ্যাতি পাওয়া বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিনাভোটে পৌরসভার তিনবারের সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ২১ মাস পর তিনি বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে কারামুক্ত হয়ে বের হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার সকালে চাউর হলে নিজ দল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এরআগে ২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকার রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের খবর গৌরনদীতে ছড়িয়ে পরলে ভূক্তভোগী সর্বস্তরের জনতা দানব হারিছের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ করেছিলো।
যেকারণে হারিছকে গণপিটুনির হাত থেকে রেহাই দিতে গ্রেপ্তারের পরেও ওইসময় দানবখ্যাত হারিছকে গৌরনদী মডেল থানায় আনা হয়নি। যৌথবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তৎকালীন সময় অত্যন্ত কৌশলে হারিছকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তার (হারিছ) বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।
একাধিক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, বুধবার (৮ জুলাই) হাইকোর্ট থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে জামিনের আদেশ আসলে অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার মধ্যদিয়ে কারাগার থেকে হারিছুর রহমানকে বের করা হয়।
গৌরনদীর কোর্ট জিআরও বেলাল হোসেন বলেন, হাইকোর্ট থেকে জামিন হওয়ায় এবিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। তবে শুনেছি তিনি জামিনে বের হয়েছেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবু ইউসুফ বলেন, ১০টি মামলার মধ্যে আটটি মামলায় স্থানীয় আদালত থেকে জামিন পেয়েছেন হারিছুর রহমান। বুধবার (৮ জুলাই) বাকি দুইটি মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পান। জামিনের আদেশ কারাগারে আসার পর গোয়েন্দা সংস্থার ক্লিয়াররেন্সের ভিত্তিতে কারাগার থেকে তাকে বের করা হয়।
অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হারিছুরের জামিনের খবর গৌরনদীতে ছড়িয়ে পরলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতারা বলেন, বিগত আওয়ামী লীগের শাসনামলে এমন কোন অপরাধ নেই যা হারিছের মাধ্যমে হয়নি। এতো বড়ধরনের একজন অপরাধী এতো গোপনে জামিন পেয়ে যাবে এটা কাম্য নয়।
গৌরনদীতে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার
গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পৌরসভার ৭নং ওয়ার্ডের আশোকাঠী ও দক্ষিণ বিজয়পুর এলাকার নিজবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হাওলাদার এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি অহেদ গোমস্তা। গ্রেপ্তারকৃতরা গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমানের ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত ছিলো।
গৌরনদী মডেল থানার এসআই আলাউদ্দিন জানান, অভিযানের সময় গ্রেপ্তারকৃত দেলোয়ারের স্বজনরা পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরন করে। তিনি আরও জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে গ্রেপ্তারকৃতদের পূর্বের একটি মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে। ###








































