পরিবেশ সংকটে বরিশাল: সমন্বিত উদ্যোগের তাগিদ
জুন ১০ ২০২৬, ২২:৪৫
বুধবার (১০ জুন) বিকেলে বরিশাল নগর ভবনের সভাকক্ষে ‘বরিশালের পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ’র আয়োজনে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এসব দাবি ও পরামর্শ তুলে ধরেন নগরীর বিশিষ্টজনেরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
মতবিনিময় সভায় অংশ নিয়ে পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, এক সময়ের খালের শহর বরিশাল আজ তার নিজস্ব রূপ ও অস্তিত্ব হারাতে বসেছে। একদিকে অপরিকল্পিত বর্জ্য অপসারণ ব্যবস্থার কারণে চারপাশ দূষিত হচ্ছে, অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় ভবিষ্যতে তীব্র সুপেয় পানির সংকটের ঝুঁকি তৈরি হচ্ছে। এই বিপর্যয় রোধ করতে হলে শুধু প্রশাসন নয়, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও নাগরিক সমাজকে একযোগে রাজপথে ও কর্মক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে, শহরের প্রাণ বলে পরিচিত খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
উপস্থিত নাগরিক প্রতিনিধিদের প্রতিটি সমস্যা এবং পরিবেশ রক্ষায় দেওয়া নানামুখী পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি উপস্থিত সকলের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করে বলেন, ‘‘বরিশালকে একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নাগরিক সমাজের এই পরামর্শগুলো আমলে নিয়ে দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে।’’
উক্ত নীতি-নির্ধারণী সভায় সরকারি কর্মকর্তা ও পরিবেশবাদী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিসিসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির ও নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা। জেলা প্রশাসনের পক্ষে অংশ নেন সহকারী কমিশনার মো. সফিক ও মো. গোলাম কিবরিয়া।
এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার মো. পারভেজ খান, সেইন্ট বাংলাদেশের পরিচালক জাহাঙ্গীর কবির, পরিবেশ আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দীন মানিক (বীর প্রতীক) এবং সবুজ আন্দোলনের আহ্বায়ক কাজী মিজানুর রহমানসহ নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকবৃন্দ সভায় উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।









































