রাষ্ট্রের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জামায়াতের হেলাল
মে ২৯ ২০২৬, ১৫:৩২
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার বরিশাল নগরীর নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিবের ভেদাভেদ ভুলে মানবিক বন্ধন সুদৃঢ় করার একটি মহৎ উপলক্ষ্য।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়।
এরপর আল্লাহর নৈকট্য লাভের আশায় তিনি নিজ হাতে পশু কোরবানি সম্পন্ন করেন।
কোরবানির পরপরই তিনি দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ কার্যক্রমে অংশ নেন। দুপুরে নিজ গ্রাম কুন্দিয়ালপাড়ায় শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে কোরবানির গোশত বিতরণ করেন।
এসময় স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
পরে তিনি বরিশাল নগরীর ২৩ নম্বর ও ২০ নম্বর ওয়ার্ডে অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরবানির মাংস পৌঁছে দেন।









































