দেশবাসীর এই ভালোবাসা চিরস্মরণীয়
ডিসেম্বর ২৮ ২০২৫, ০২:১৮
তারেক রহমান তার পোস্টে লিখেছেন, “দীর্ঘ ১৭ বছর পর মাতৃভূমির মাটিতে পা রাখার দিনটি আমার হৃদয়ে সারা জীবনের জন্য গেঁথে থাকবে। আপনাদের উষ্ণ অভ্যর্থনা, ঢাকার রাস্তাজুড়ে মানুষের ঢল আর লাখো মানুষের দোয়া এই মুহূর্তগুলো আমি কোনোদিন ভুলতে পারব না।”
তিনি কঠিন সময়ে পাশে থাকা নেতাকর্মী, তরুণ সমাজ, পেশাজীবী এবং শ্রমজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে আন্তরিক ধন্যবাদ জানান।
অন্যান্য রাজনৈতিক দল ও আন্দোলনের নেতৃবৃন্দ যারা তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান বলেন, “আমি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির আশাবাদ এবং প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। এসব পরামর্শ আমি বিনয় ও সম্মানের সঙ্গে গ্রহণ করছি।”
নিজের ‘ভবিষ্যৎ পরিকল্পনা’ সম্পর্কে তিনি আরও স্পষ্ট করে বলেন, “গত বৃহস্পতিবার আমি শুধু কোনো স্বপ্নের কথা বলিনি, আমি বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব পরিকল্পনার কথা বলেছি। এমন এক বাংলাদেশ, যেখানে প্রতিটি মানুষ নিরাপদ ও সম্মানিত বোধ করবে এবং প্রতিটি শিশু আশার আলো নিয়ে বড় হবে। এই পরিকল্পনা একটি ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য।”
এছাড়াও তার প্রত্যাবর্তনের সংবাদ গুরুত্বের সঙ্গে প্রচার করায় গণমাধ্যম এবং নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।









































