‘জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করতে হবে’
জুলাই ২০ ২০২৫, ১৯:২৬
বরিশাল ॥ স্বৈরাচারী সরকারের কারফিউ ভঙ্গের বর্ষপূর্তি উপলক্ষ্যে বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সমাবেশ কর্মসূচি পালন করেছে।
রোববার (২০ জুলাই) সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সদস্য গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন এর সভাপতিত্ব বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, ইজিবাইক সংগ্রাম পরিষদ ২৮ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী, দপদপিয়া ইউনিয়ন শাখার সভাপতি রমজান আকন প্রমুখ।
এসময়ে নেতৃবৃন্দ বলেন, গত বছর বাংলাদেশের ইতিহাসে সংগঠিত হয় এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও শেখ হাসিনার পুলিশ এবং আওয়ামী লীগ কর্তৃক দমন পীড়নে আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে। শেখ হাসিনা আন্দোলন দমন করতে প্রয়োগ করে রাষ্ট্রীয় আইন।
১৯ জুলাই রাতে ঘোষণা করেন সারাদেশে গণবিরোধী কারফিউ। বাসদই সর্বপ্রথম ২০ জুলাই শেখ হাসিনার গণবিরোধী কারফিউ ভেঙে প্রশাসন এবং সন্ত্রাসী আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে মিছিল বের করে এবং নিহতদের স্মরণে কালো ব্যাচ ধরন কর্মসূচি পালন করে।
রবিবার ২০ জুলাই এক বছর অতিক্রম করেছে গণঅভ্যুত্থানের সেই কারফিউ ভাঙার দিন। তাই নেতৃবৃন্দ এই দিনটিকে বিশেষ ভাবে স্মরণ করেন।
নেতৃবৃন্দ আরো বলেন, সরকার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করছে কিন্তু ১ বছর পেরিয়ে গেলেও জুলাই আগস্টের গণহত্যার বিচার এখনো দৃশ্যমান হয়নি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।
সারাদেশে সংগঠিত করা হচ্ছে মব, হত্যা, ধর্ষণসহ নানা অপকর্ম কিন্তু সরকারের পক্ষ থেকে এগুলো নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেই।
অথচ আমরা দেখছি বিদেশি কোম্পানিকে বন্দর, মায়ানমারের রাখাইনে করিডর এবং সর্বশেষ জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয় বাংলাদেশে নির্মাণে সরকার বেশি আগ্রহী যা দেশ ও জাতির নিরাপত্তা ও স্বার্থের জন্য হুমকিস্বরূপ।
নেতৃবৃন্দ বলেন, অতিদ্রুত জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।









































