বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি
জুলাই ২০ ২০২৫, ১৯:২১
বরিশাল ॥ শিক্ষক সংকট নিরসন সহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্ট কালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২০ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো জন্মলগ্ন থেকেই নানাবিধ বৈষম্যের শিকার। তীব্র শিক্ষক সংকট, ন্যূনতম ল্যাব ফ্যাসিলিটি না থাকাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। তাই এই সমস্যা সমাধানের জন্য কলেজ কতৃপক্ষের কাছে ৮ টি দাবি জানিয়েছেন তারা।
আট দফা দাবি গুলো হচ্ছে যেমন-
১. শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান করতে হবে।
২. ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন ও পর্যাপ্ত পর্যাপ্ত লোকবল নিয়োগ দিতে হবে।
৩. ক্যাম্পাসে বরাদ্দ বাড়াতে হবে।
৪. মাসের মধ্যে মার্কশিটসহ রেজাল্ট প্রদান করতে হবে।
৫. সেমিস্টার ও রিটেক ফি কমাতে হবে।
৬. শতভাগ আবাসন প্রদান করতে হবে। ৭. ছয়মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করতে হবে।
৮.ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করতে হবে।
শিক্ষার্থীরা জানান, দাবিগুলো মেনে না নেয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
বিষয়টি নিয়ে বরিশাল সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আবদুল কাদের বেপারীর সাথে কথা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের সমস্যা গুলো সমাধানের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। যে সকল যৌক্তিক দাবি রয়েছে সেগুলো অবশ্যই মেনে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহবায়ন জানিয়েছেন।
তবে শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের দাবি গুলো দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া না হলে ক্লাসে ফিরে যাবে না তারা। এবং কি তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচী চলবে। প্রয়োজনে কঠোর আন্দলন গড়ে তোলা হবে।









































