বাকেরগঞ্জে ছাত্রদলের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আলটিমেটাম

মার্চ ০৯ ২০২৫, ১৯:১৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে ছাত্রদলের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে স্থানীয় প্রশাসনকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়।

গত ৮ মার্চ শনিবার রাতে বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়ন ছাত্রদল নেতা আসাদুল্লাহর উপর কুপিয়ে হামলা চালানো হয়। এ সময় তার হাত ও পায়ের রগ কর্তন করে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে রবিবার ( ৯ মার্চ)সকাল ১১টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাসস্ট্যান্ডে মানববন্ধনের আয়োজন করে ছাত্রদলের উপজেলা, পৌর ও কলেজ শাখা।

মানববন্ধনে বক্তারা ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি তোলেন। এ সময় তারা প্রশাসনের কাছে ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন।

আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, পৌর শাখার আহ্বায়ক রুহুল আমিন, সরকারি কলেজ শাখার আহ্বায়ক আলাল হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রমূলক হামলায় এলাকায় অস্থিরতা তৈরি করা হচ্ছে। প্রশাসন যদি সময়ের মধ্যে অপরাধীদের না ধরতে পারে, আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছি আমরা।”

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার শিকার আসাদুল্লাহকে বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রাখা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করলেও এখনো কাউকে আটক করতে পারেনি। ছাত্রদলের নেতাদের আশঙ্কা, স্থানীয় একটি সন্ত্রাসী চক্র দারা এই হামলা সংঘটিত হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদ কর্মসূচিতে উপজেলা ও পৌর ছাত্রদলের শতাধিক কর্মী অংশ নেন। মানববন্ধন শেষে তারা সন্ত্রাসবিরোধী শ্লোগান সহকারে একটি প্রতিবাদ মিছিল বের করে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া