দেশি-বিদেশ চক্রান্তকারীরা দাঙ্গা লাগাতে চায় -স্বপন
নভেম্বর ২৯ ২০২৪, ১৮:২৬
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন দেশি-বিদেশী চক্রান্তকারীরা দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চায়। রাষ্ট্র মেরামতের জন্য তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটোরিয়ামে পৌরসভা বিএনপি’র প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বপন আরও বলেন, আওয়ামীলীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে তা অনেকেরই ভাল লাগেনা। এ জন্য পরিকল্পিত ভাবে আমাদের দেশে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংকট তৈরি করার নীলনকশা চলছে। তাই দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
পৌরসভা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেল উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সদস্য সচিব ফরিদ মিয়া ও যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন। প্রতিনিধি সভায় নয়টি ওয়ার্ডের সভাপতি- সাধারণ সম্পাদক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









































