বরিশাল মহানগরীতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি
অক্টোবর ১৫ ২০২৪, ১৭:২১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: গত ৫ আগস্ট সরকার পদত্যাগের পর বরিশাল মহানগরীতে সড়ক আটকে সভা-সমাবেশ করছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
এতে সীমাহীন ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এ অবস্থা থেকে রক্ষা পেতে বরিশাল মেট্রোপলিটন এলাকায় সব ধরনের সভা–সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গতকাল সোমবার রাতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে-পুলিশ কমিশনারের অনুমতি ব্যতীত বরিশাল মহানগর এলাকায় মিছিল, সভা–সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধনসহ যেকোনো গণজমায়েত ও মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সর্বসাধারণের অবগতির জন্য জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো।
এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রতি রাজধানীতে কোর কমিটির এক সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্তের আলোকে বরিশাল নগরীর আওতাভুক্ত এলাকাসমূহে সভা–সমাবেশ করার ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’









































