বরিশালের সাবেক তিন এমপিসহ বিএনপির ১২৫ নেতাকর্মী খালাস
অক্টোবর ১৪ ২০২৪, ২২:০২
সোমবার (১৪ অক্টোবর) বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান চৌধুরি এ রায় দেন বলে বেঞ্চ সহকারী মো. আরামান হোসেন জানিয়েছেন।
তাদের মধ্যে মজিবর রহমান সরোয়ার, মেজবা উদ্দিন ফরহাদ ও আবুল হোসেন খান সংসদ সদস্য ছিলেন।
মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী জানান, বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আহ্বানে ২০১৩ সালের ২৭ নভেম্বর অবরোধের সমর্থনে নগরীর কাশিপুর সুরভি পেট্রোল পাম্পের সামনে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় থ্রি-হুইলার ও অটোরিকশা ভাংচুরসহ মহাসড়কে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে। তখন তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
এ ঘটনায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেন। থানার এসআই নুরুল আলম তালুকদার ২০১৪ সালের ৩১ অক্টোবর ১২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সাক্ষীদের সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ না হওয়ায় সকলকে খালাস দেয়া হয়েছে।









































