সাদ্দাম মালের মুক্তির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন
নভেম্বর ২২ ২০২২, ২০:৫১
কুয়াকাটা প্রতিনিধি ॥ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পটুয়াখালীর কুয়াকাটার সাদ্দাম মালকে গ্রেফতারের একদিন পর তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা চৌরাস্তায় বিভিন্ন সংগঠনের ব্যানারে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় উদ্দেশ্যমূলক সাদ্দাম মালকে গ্রেফতার করা হয়েছে। সাদ্দাম মালের সাথে ভক্তদের দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি নিভৃত করতে গিয়ে উল্টো মামলার শিকার হয়েছেন।
মানববন্ধনে অংশগ্রহন করেন কুয়াকাটা মাল্টিমিডিয়া, কুয়াকাটা তরুণ ক্লাব, শিল্পী গোষ্ঠী, বয়েস ক্লাব, শুভ সংঘ সহ বেশ কয়েকটি সংগঠনের কয়েকশত মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণ করে কুয়াকাটা মাল্টিমিডিয়ার পরিচালক শুভ কবির বলেন, একজন অভিনেতার বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা দায়েরে আমরা বিস্মিত হয়েছি।
অভিনেতা নিজাম উদ্দিন বলেন, একজন শিল্পীর বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের যেসব অভিযোগ আনা হয়েছে তা খুবই দুঃখজনক, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবুর রহমান জানান, মামলার ঘটনাটি তুচ্ছ, এটি আপোসযোগ্য হলেও কারও ষড়যন্ত্রে মামলাটি দায়ের এবং সাদ্দাম মালকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা মনে করি। দ্রুত এই মামলা প্রত্যাহার এবং মুক্তি দাবি করছি।








































