বরিশাল নয়, ঢাকা থেকে নির্বাচন করতে চান নানক

নভেম্বর ২২ ২০২৩, ১১:৫৪

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশাল-৫ ও ঢাকা-১৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও বরিশাল আসনের মনোনয়নপত্র জমা দেননি আওয়ামী লীগের সিনিয়র নেতা জাহাঙ্গীর কবির নানক।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার (২১ নভেম্বর) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের টিকিট চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীর কবির নানক।

এর আগে সোমবার (২০ নভেম্বর) নানকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিলো। এ খবর ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয় বরিশালজুড়ে। বরিশাল বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন ধরা হয় সদর-৫ আসনকে। সে আসন থেকে জাহাঙ্গীর কবির নানকের মনোনয়নপত্র সংগ্রহ করায় আলাদা করে আলোচনা সৃষ্টি হয়। যদিও দীর্ঘদিন থেকে আলোচনা চলছিলো, বরিশাল সদর থেকে দাঁড়াতে পারেন তিনি।

এর আগে ঢাকা-১৩ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

জানা যায়, জাহাঙ্গীর কবির নানকের পৈতৃক বাড়ি বরিশাল জেলার সদর উপজেলার খিরদ মুখার্জী লেন এলাকায়। শহরের বটতলা এলাকায় তার বাড়ি রয়েছে। ছাত্রলীগের নেতা হওয়ার পর জাহাঙ্গীর কবির নানক পরবর্তীতে যুবলীগের নেতৃত্বে ছিলেন। আর এই নেতৃত্বের ধারায় তিনি আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেন। বিভিন্ন সময় বিভিন্ন সংকটে তার ভূমিকা দলে প্রশংসিত হয়েছে।

এদিকে বরিশাল-৫ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম, সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম (এসপি মাহবুব), মো. মশিউর রহমান খান, অ্যাডভোকেট মোর্শেদা বেগম, সালাউদ্দিন রিপন।

জানা গেছে, বরিশালের ছয়টি আসনে প্রার্থী হওয়ার দৌড়ে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৫৫ জন নেতা। ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন ফরম সংগ্রহ তোলা হয়েছে বরিশাল-২ আসনে। এ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নেমেছেন ১৫ জন। সবচেয়ে কম ফরম সংগ্রহ হয়েছে বরিশাল-১ আসনে। এ আসনে একমাত্র আবুল হাসানাত আব্দুল্লাহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও