বাউফলে মাইকে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

অক্টোবর ১৬ ২০২৩, ১৩:১৯

বাউফল প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে মাইকে আজান দেয়ার সময় বনি আমিন (২২) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়াবাঘা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। বনি আমিন ধুলিয়া ইউনিয়নের চর চাঁদকাঠি গ্রামের খালেক মেলকারের ছেলে। চাকুরিতে যোগদানের পর রোববারই প্রথম ওই মসজিদে আসরের নামাজের আজান দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে প্রাণ হারান তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সদ্য কোরআনে হাফেজ হয়ে চাকুরি খুঁজছিলেন বনি আমিন। দুই দিন আগে তিনি ওই গ্রামের মৃধা বাড়ির পাঞ্জেগানা মসজিদে মুয়াজ্জিনের চাকুরি নেন। চাকুরিতে প্রথম যোগদান করে আসরের নামাজের আজান দিতে যান তিনি। মাইকের সুইচ অন করতে গিয়ে তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়ে যান। কিছুক্ষন পর ওই বাড়ির এক মহিলা মসজিদের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ জানালা দিয়ে মেঝেতে বনি আমিনকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে বাড়ির লোকজন এসে বনি আমিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান।

বনি আমিনের চাচা সুলতান মেলকার বলেন, আমার ভাতিজা রোববারই প্রথম ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে যোগদান করেছে। আর ঐদিনই পৃথিবী ছেড়ে চলে গেছে। এটা কোনো ভাবেই মেনে নিতে পারছি না। তিন ভাইয়ের মধ্যে বনি আমিন সবার ছোট।

সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, খুবই হৃদয় বিদারক ঘটনা। সদ্য হাফেজ হওয়া বনি আমিনের এমন মৃত্যুতে সবাই হতবাক হয়েছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া