পটুয়াখালীতে শ্রেণিকক্ষে বজ্রপাতে শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত
অক্টোবর ১১ ২০২৩, ১৫:৪১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি স্কুলের শ্রেণিকক্ষের কাছে বজ্রপাত হয়েছে। এতে বিদ্যালয়টির এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে এখনো অচেতন রয়েছে পাঁচ শিক্ষার্থী। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান, ষষ্ঠ শ্রেণির ক্লাসরুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনও পাঁচজনের জ্ঞান ফেরেনি।
স্থানীয় চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। শিশুদের হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, দুপুর ১টা পর্যন্ত ওই পাঁচ শিশুর জ্ঞান ফেরেনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, খবর পেয়ে তাৎক্ষণিক স্কুলে স্পিডবোটযোগে চিকিৎসক পাঠিয়েছি। শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’








































