দশমিনায় জোয়ারের পানিতে ডুবেছে দুই বিদ্যালয়

আগস্ট ০৩ ২০২৩, ১০:৫৫

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি ‍॥  দশমিনা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চর বোরহান ইউনিয়নে জোয়ারের পানিতে ডুবে আছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাঁটুসমান পানিতে বসে ক্লাস করতে হচ্ছে বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার চর বোরহান ইউনিয়নের চর বোরহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর শাহজালাল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় হাঁটুসমান পানিতে ডুবে যায়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের।

চর শাহজালাল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম বলেন, সকালে বিদ্যালয়ে এসে দেখতে পান তেঁতুলিয়া নদীর জোয়ারের পানিতে ডুবে আছে বিদ্যালয়টি। শ্রেণিকক্ষে পানি ঢুকে চেয়ার-টেবিলসহ আসবাব নষ্ট হচ্ছে।

চর বোরহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহাগ হোসেন বলেন, জোয়ারের পানিতে ডুবে থাকায় বিদ্যালয়ে আসা শতাধিক শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়তে হয়েছে তাদের। ক্লাস রুমে পানির মধ্যে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খালিদ হোসেন বলেন, বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে চর বোরহান ইউনিয়নের দুটি বিদ্যালয় ডুবে গেছে। বিদ্যালয় দুটিতে নতুন ভবন নির্মাণ হবে; তাই সংস্কারের সুযোগ নেই। তবে বিষয়টি তিনি জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছেন।

চর বোরহান ইউপি চেয়ারম্যান নজির আহমেদ সরদার বলেন, বেড়িবাঁধ না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে তেঁতুলিয়া নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয় চরাঞ্চল। আজ (বুধবার) থেকে নদীর পানি বাড়ছে এবং বিদ্যালয়সহ চরাঞ্চলের নিম্নাঞ্চল ৩-৪ ফুট পানির নিচে তলিয়ে আছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিটলারুজ্জামান বলেন, বর্ষা মৌসুমে বিদ্যালয় দুটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও