পবিপ্রবি’র ২৩ তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত
জুলাই ০৮ ২০২৩, ১৪:১৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: “স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট গ্র্যাজুয়েট তৈরী” স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে ।
শনিবার (৮ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু‘র সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, দক্ষিনাঞ্চলের জনগণের দোরগোড়ায় শিক্ষা প্রসারের লক্ষ্যে ২০০০ সালের ৮ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোগত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ২৩ বছরে আমাদের অনেক অর্জন আছে তবে আমরা কাঙ্ক্ষিত লক্ষে এখনও পৌঁছাতে পারিনি। তিনি স্মার্ট গ্র্যাজুয়েট তৈরীর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
এরপর বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








































