অ্যাম্বুলেন্সের ভাড়া নেই, স্ত্রীর মরদেহ কাঁধে নিয়ে হাঁটা শুরু
ফেব্রুয়ারি ১০ ২০২৩, ২১:৫০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অসুস্থ স্ত্রীকে নিয়ে অটোরিকশা দিয়ে বাড়িতে যাচ্ছিলেন এক ব্যক্তি। এমন সময় পথেই মারা যান তার স্ত্রী। এরপর অটোরিকশা চালকও তাদেরকে নামিয়ে দেন। এরপরই স্ত্রীর মরদেহ কাঁধে নিয়ে হাঁটা শুরু করেন ওই ব্যক্তি। পরে স্থানীয়দের খবরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
এমন ঘটনাই ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওড়িশার করাপুতের বাসিন্দা এডে সামুলু তার স্ত্রী এডে গুরুকে বিশাখাপত্তনমের সাঙ্গিভালাসার একটি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসায় সাড়া না দেয়ায় চিকিৎসকরা ওই নারীকে বাড়িতে নিয়ে যেতে বলেন।
হাসপাতাল থেকে সামুলুর বাড়ির দূরত্ব ১৩০ কিলোমিটার। এ জন্য তিনি একটি অটোরিকশা নেন, কিন্তু মাঝপথে স্ত্রীর মৃত্যু হওয়ার পর সামুলুকে নামিয়ে দেন ওই অটোরিকশা চালক।
এ যাত্রায় দুই হাজার রুপি খরচ করার পর আর অর্থ ছিল না সামুলুর কাছে। এমন পরিস্থিতিতে স্ত্রীর মরদেহ কাঁধে নিয়ে হাঁটা শুরু করেন তিনি।
বিশাখাপত্তনমের ভিজিয়ানগরামে পৌঁছালে স্থানীয়রা সামুলুর পরিস্থিতি দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তাদের বাড়ি পাঠিয়ে দেয়।
আ/ মাহাদী








































