বরিশালে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা

জুলাই ১৬ ২০২৬, ২০:৩৬

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বরিশাল নগরী মুখর হয়ে ওঠে ভক্ত-অনুরাগীদের পদচারণায়। বর্ণিল শোভাযাত্রা, ধর্মীয় সংগীত, নৃত্য এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয় এ বছরের রথযাত্রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নগরীর শ্রীশ্রী শংকর মঠ প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে রথযাত্রার সূচনা হয়।

জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীকে পৃথক তিনটি সুসজ্জিত রথে বসিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। হাজারো ভক্ত দড়ি টেনে রথ এগিয়ে নেন, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত।

রথযাত্রার উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ট্রাস্টের সভাপতি রাখাল চন্দ্র দে। উদ্বোধনী বক্তব্যে তিনি মানবকল্যাণ, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে ধর্মীয় উৎসবগুলোর গুরুত্ব তুলে ধরেন।

শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি লিমন কৃষ্ণ সাহা কানু জানান, শংকর মঠ থেকে যাত্রা শুরু করে রথগুলো নতুনবাজার, অমৃত লাল দে সড়ক, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, নগর ভবন, চকবাজার, বাজার রোড, নাজিরপুল ও জেলখানা মোড় ঘুরে নতুনবাজারের অমৃতাঙ্গনে গিয়ে শেষ হয়।

তিনি আরও জানান, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। সেদিন অমৃতাঙ্গন থেকে একইভাবে শোভাযাত্রা বের হয়ে শ্রীশ্রী শংকর মঠে গিয়ে শেষ হবে। এ সময় পর্যন্ত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্যোগে রাধা শ্যাম সুন্দর মন্দিরে ধারাবাহিক ধর্মীয় অনুষ্ঠান, নামসংকীর্তন ও ভক্তিমূলক আয়োজন চলবে।

রথযাত্রাকে ঘিরে নগরীর বিভিন্ন সড়কে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ধর্মীয় সংগীতের তালে তালে ভক্তদের নৃত্য, হরিনাম সংকীর্তন এবং রথ থেকে প্রসাদ বিতরণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এ বর্ণাঢ্য শোভাযাত্রা উপভোগ করেন।

এদিকে শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দির এবং শ্রীশ্রী হরি ঠাকুর মন্দির থেকেও পৃথক রথযাত্রা বের করা হয়। এসব শোভাযাত্রায়ও বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। সব মিলিয়ে বরিশাল নগরী দিনভর পরিণত হয় ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও উৎসবের এক অনন্য মিলনমেলায়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও