ভোলায় বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার
মে ০৮ ২০২৬, ১৭:২৭
ভোলায় প্রায় ৪০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির গুইসাপ আটক করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। ৯ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যের গুইসাপটি দেখতে অনেকটা কুমিরের মত। যা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।
গতকাল বৃহস্পতিবার (৭ মে) দুপুরে দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকার বাসিন্দা আব্দুর রহমানের বাড়ি সংলগ্ন একটি মোবাইল টাওয়ারের পাশ থেকে গুইসাপটি উদ্ধার করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয়দের হাঁস মুরগীসহ পোষা প্রানী হঠাৎ উধাও হয়ে যেতো। এতে চরম দুশ্চিন্তায় পরতেন তারা। শখের পোষা প্রানীটা চারপাশ খুঁজেও পেতেন না। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক স্থানীয় বাসিন্দার একটি ছাগল খাওয়ার জন্য আক্রমণ করেন গুইসাপটি। পরে ছাগলের মালিক বিষয়টি টের পেয়ে ডাক চিৎকার দেন। এরপর লোকজন জড়ো হয়ে গুইসাপটি আটক করে বন বিভাগকে খবর দেন।
ভোলা সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে গুইসাপটি উদ্ধার করে আমাদের হেফাজতে রাখা হয়েছে। এটিকে মনিটরিং করা হচ্ছে। উপযুক্ত স্থান নির্বাচন করে গুইসাপটিকে অবমুক্ত করা হবে।
তিনি আরও জানান, গুইসাপটি ‘মনিটর লিজার্ড’ নামের বিরল প্রজাতির। এই বড় জাতের গুইসাপের সচারাচর দেখা যায় না। এগুলো প্রায় বিলুপ্তির পথে।








































