এবার খামেনিকে সরাসরি ‘হত্যার’ হুমকি

জুন ১৯ ২০২৫, ২০:০৮

নিজস্ব প্রতিবেদক:: ইসরায়েলে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে কেন্দ্র ও দক্ষিণাঞ্চলের চারটি স্থানে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে সোরাকা হাসপাতালও রয়েছে। এই হামলার পর ইসরায়েলের প্রতীরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎয ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘নির্মূল’ করাই একমাত্র লক্ষ্য বলে হুমকি দিয়েছেন।

সাম্প্রতিক এক বক্তব্যে ইসরায়েলের প্রতীরক্ষামন্ত্রী সরাসরি খামেনিকে হত্যার হুমকি দিয়ে বলেন, ‘খামেনির মতো একজন ব্যক্তি সব সময় এজেন্টদের মাধ্যমে ইসরায়েল ধ্বংস করার পরিকল্পনা করেছে। এখন সে আমাদের সরাসরি আক্রমণ করছে। এমন একজনকে আর বেঁচে থাকতে দেওয়া যায় না। তাকে থামানো এবং সরিয়ে দেওয়াই আমাদের অভিযানের অংশ।’

বৃহস্পতিবার (১৯ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। অপরদিকে, ইসরায়েলি বাহিনী ইরানের আরাকে হেভি ওয়াটার রিঅ্যাক্টরে হামলা চালিয়েছে। গত শুক্রবার ইরানে ইসরায়েলি হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় ইরানিদের উদ্দেশে কথা বলেন। ইংরেজি ভাষায় দেওয়া সেই বার্তায় তিনি জানান, ইসরায়েলের সামরিক অভিযান কেবল প্রতিশোধ নয়, বরং ইরানিদের স্বাধীনতার পথ উন্মুক্ত করার একটি সুযোগ।

নেতানিয়াহু বলেন, ‘আমি আশা করি, এই সামরিক অভিযান আপনাদের জন্য স্বাধীনতা অর্জনের পথ প্রশস্ত করবে।’ এদিকে, মঙ্গলবার (১৭ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে খামেনিকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা তাকে সরিয়ে দিচ্ছি না (হত্যা করছি না!), অন্তত এখনই নয় …। তবে আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও