পুলিশের তাড়ায় যুবক নিখোঁজ: তিন দিনেও খোঁজ মেলেনি, চার পুলিশ প্রত্যাহার
নভেম্বর ২৭ ২০২২, ১১:১৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার দৌলতখানে পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন মো. নোমান (২৮) নামের এক জেলে।
গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার পর শনিবার বিকাল পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাকে। এ ঘটনায় ৪ জন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে দৌলতখান থানাসংলগ্ন পাতারখাল মাছঘাট এলাকায় তাস খেলছিল কয়েকজন। এ সময় তাদেরকে ধাওয়া করে পুলিশ। নিখোঁজ মো. নোমানসহ তার সঙ্গীরা দৌড় দেয় এবং মেঘনা নদীতে ঝাঁপ দেয়। সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও নোমান উঠতে পারেননি।
সে মেঘনা নদীর স্রোতে ভেসে কিংবা ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে তাকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা। এদিকে তিন দিন পেরিয়ে গেলেও নোমানের কোনো খোঁজ পায়নি তারা। তার ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।
এদিকে এ ঘটনায় অভিযুক্ত চার পুলিশ সদস্যকে শনিবার প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত চার পুলিশ সদস্য হলেন- উপ-পরিদর্শক (এসআই) সৌরভ কান্তি পাল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল এবং কনস্টেবল মো. রাসেল ও মো. সজিব।
নোমান ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী নাসরিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তাদের সাত বছরের একটি ছেলে রয়েছে। স্বামীকে হারিয়ে অকূল সাগরে পড়েছেন তিনি।
তারা কী করবেন তা বুঝতে পারছেন না। ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।’ অপরদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দৌলতখান থানা পুলিশ অসহায় ও সাধারণ মানুষকে হয়রানি করে আসছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দৌলতখান সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, ‘নিখোঁজ জেলে নোমানকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব যায়নি।’
আ/ মাহাদী









































