মীরগঞ্জ ফেরিঘাটে যাত্রী হয়রানি : জরিমানা
সেপ্টেম্বর ১৭ ২০২৪, ০১:১১
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মধ্যবর্তী আলোচিত মীরগঞ্জ ফেরিঘাটে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ’র সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ইজারাদারের কর্মচারীদের কাছ থেকে ওই জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
এছাড়া বাবুগঞ্জ -কেদারপুর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের কারনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার বিকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) শাকিলা রহমান এর পরিচালিত ভ্রাম্যমান আদালত ওই জরিমানা আদায় করেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) শাকিলা রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে সোমবার বিকালে মীরগঞ্জ ফেরিঘাটে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন,আমরা সরজমিনে নির্ধারিত মূল্যের কয়েকগুণ বেশি ভাড়া উত্তোলনের প্রমান পাই। ভ্রাম্যমান আদালতের নিয়ম অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত ইজারাদারে লোকদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া বাবুগঞ্জ -কেদারপুর খেয়াঘাটে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এধরনের অভিযান ভবিষ্যতে অব্যহত থাকবে বলে তিনি প্রতিবেদককে অবহিত করেন।
উল্লেখ্য বরিশালের নদী পরিবেষ্টিত ৩টি উপজেলা মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ। বিচ্ছিন্ন এ তিন দ্বীপ উপজেলার বাসিন্দাদের বরিশাল শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ ফেরিঘাট।
অভিযোগ উঠেছে, ঘাটের ইজারাদার প্রভাব খাটিয়ে যানবাহন ও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ থেকে সর্বোচ্চ দশগুণ পর্যন্ত ভাড়া আদায় করছেন।
ইজারাদার প্রভাবশালী নেতা হওয়ায় নিয়মনীতির তোয়াক্কা করেন না। প্রতিবাদ করলেই ইজারাদারের বাহিনীর হামলা-নির্যাতন ও লাঞ্ছনার শিকার হচ্ছেন যাত্রী, যানবাহন মালিক ও শ্রমিকরা।
এতে তিন উপজেলার ৭০ লাখ মানুষ জিম্মি হয়ে পড়েছেন। সব কিছু জেনেও নীরব রয়েছে সড়ক ও জনপদ বিভাগ।
এ বিষয়ে গত ২৯ আগষ্ট “২শত টাকার ভাড়া ২৮শত টাকা আদায় ” শিরোনামে পত্রিকায় একটি সংবাদ প্রকাশের পর ছাত্র-জনতা ও ভুক্তভোগীরা প্রতিবাদ করতে থাকে।









































