চরফ্যাশনে মাছ ধরার ট্রলার ডুবি, নিখোঁজ ৭
সেপ্টেম্বর ১৩ ২০২৪, ২০:১৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার চরফ্যাশনে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে ট্রলারে থাকা তিনজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ আছে ৭ জেলে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বঙ্গোপসাগর মোহনা থেকে মাছ শিকার করে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোড়ে এ দুর্ঘটনা ঘটে। তৎক্ষণিক উদ্ধার এবং নিখোঁজ জেলেদের নামপরিচয় জানা যায়নি।
তবে এসব জেলেরা ঢাল চর ও চর মানিকা ইউনিয়নের বাসিন্ধা বলে জানা গেছে। ঢালচর ঘাটের জেলেরা জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢালচর ঘাট থেকে আক্তার নামে এক মাঝি ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়।
দুদিন সাগরে থাকার পর বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সাগর থেকে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে আক্তার মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করলেও অপর সাত জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার তার মালিকানাধীন মাছ ধরা ট্রলারটি ১০ মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যান।
আজ শুক্রবার বিকালে ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে ১০ জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও এখন পর্যন্ত ৭ জেলে নিখোঁজ রয়েছে। খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে তিনটি ট্রলার সাগরে ছেড়ে গেছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ‘ট্রলার ডুবির বিষয়টি কোনো জেলেদের পক্ষ থেকে আমাকে জানানো হয়নি।’ চর মানিকা জোনের নৌ কন্টিজেন কমান্ডার মো. সানোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি জানা নেই তবে খোঁজ নিয়ে উদ্ধার অভিযানে যাওয়া হবে।’









































