ভোলায় বিশ্বকাপের ঝড়: আর্জেন্টিনার সমর্থকদের রোড-শো
নভেম্বর ২১ ২০২২, ২৩:২৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কমতি নেই ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে।
সোমবার দুপুর থেকে জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী মোটরসাইকেল, ট্রাকযোগে ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকেন। বিকাল সাড়ে ৪টায় শুরু হয় রোড-শো।
ভেঁপু বাজিয়ে পছন্দের টিমকে স্বাগত জানাতে থাকেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন।
জেলা জজ শিপ কোর্টের দুই স্টাফ আমজাদ মুক্তি ও আক্তার দুই ভাই। দুই দলের রোড-শোর নেতৃত্ব দিচ্ছেন। মুক্তি আর্জেন্টাইন গ্রুপে ও আক্তারের নেতৃত্বে বৃহস্পতিবার একই স্কুল মাঠ থেকে রোড-শোর কর্মসূচি ঘোষণা করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে। বলা যায় ওই মাধ্যমে এখন আর অন্য কোনো পোস্ট নেই।
আর্জেন্টিনা সমর্থক মেজবা উদ্দিন তার সন্তানদের একই জার্সি পরিয়ে রোড-শোতে অংশ নেন। ড্রোন উড়িয়ে আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে থাকেন।
জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন জানান, খেলাধুলা আমাদের যুব সমাজকে মানসিক প্রশান্তি দেয়। ফলে সব আয়োজনের ভালো দিক রয়েছে।
মাদকের ছোবল ও উচ্ছৃঙ্খলতা থেকে বের হয়ে উচ্ছ্বাসময় জীবন ও আনন্দে যুব সমাজকে সম্পৃক্ত রাখতে হবে। তিনি ব্রাজিল সমর্থকদের আয়োজনকেও স্বাগত জানান।
আ/ মাহাদী








































