বাংলাদেশ নিয়ে মন্তব্যের জেরে মমতাকে ভারত সরকারের কড়া বার্তা

জুলাই ২৬ ২০২৪, ১৮:৩৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ প্রসঙ্গে এক মন্তব্যের প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকারের কড়া বার্তার মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ২১ জুলাই কলকাতার ধর্মতলার এক সভা থেকে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও অশান্তি প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন, ‘পড়শি দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না’। বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে ঢাকা।
অত্যন্ত ক্ষোভের সঙ্গে বিষয়টি সরকারিভাবে ভারত সরকারকে জানায় বাংলাদেশ সরকার। এই বিষয়টি ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের কাছ থেকে পাওয়া আপত্তিকর মন্তব্যের কথা স্বীকার করে নেন। তিনি জানান, মমতাকেও কার্যত সংবিধানের পাঠ দিয়ে জানানো হয়েছে, অন্য কোনও দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ করার অধিকার কোনও রাজ্য সরকারের নেই। সংবিধান সেই অধিকার দেয়নি রাজ্যকে। বিষয়টি একান্তভাবে ভারত সরকারের হাতে। তাই আন্তর্জাতিক বিষয় নিয়ে কোনও রাজ্যের নাক গলানোর প্রয়োজন নেই বলে, কড়া বার্তা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা একটি কূটনৈতিক নোট পেয়েছি। ভারতের সংবিধানের সপ্তম তফসিলের প্রথম তালিকার ১০ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে বিদেশ সংক্রান্ত সমস্ত বিষয় এবং অন্য কোনও দেশের সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের সমস্ত বিষয়ের এক্তিয়ার একমাত্র ভারত সরকারের।

তিনি বলেন, এই বিষয়টি যৌথ তালিকায় নেই। আর অবশ্যই রাজ্যের তালিকায় নেই। আমাদের অবস্থানটা স্পষ্ট, সাংবিধানিক এক্তিয়ারের বাইরের কোনও বিষয় নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়।
উল্লেখ্য, কলকাতার ধর্মতলায় গত ২১ জুলাইয়ের সভা থেকে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও অশান্তি প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন, পড়শি দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না। এ বিষয়ে রাষ্ট্রপুঞ্জের একটি সনদেরও উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তবে একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না। কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকারই বলবে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া